ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রশ্নফাঁসের মূলহোতা জসিমের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

ads

মেডিক্যাল কলেজে ভর্তিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মূলহোতা জসিম উদ্দিনের স্ত্রী শারমীন আরা জেসমিন শিল্পীকে জামিন দেননি হাইকোর্ট। তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।


স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেস থেকে প্রশ্ন ফাঁস করে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ লেনদেন ও রূপান্তরের অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি মানি লন্ডারিং আইনে ধানমন্ডি থানায় মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। মামলায় জালিয়াতি করা চক্রের হোতা জসিম উদ্দিন ভুইয়া মুন্নু, তাঁর খালাতো ভাই স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসকর্মী আব্দুস সালাম খান, জসিমের বোন শাহজাদী আক্তার মীরা, স্ত্রী শারমিন আরা জেসমিন শিল্পীসহ ১৪ জনকে আসামি করা হয়।


মামলায় বলা হয়, জসিম সিন্ডিকেট তৈরি করে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে। তাঁর ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্র পাওয়া যায়। বাংকে ২১ কোটি ২৭ লাখ পাঁচ হাজার টাকা জমা এবং ২১ কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা তুলে নেয় জসিম।


২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস তদন্তের সূত্রে মেডিক্যালের প্রশ্ন ফাঁসের তথ্য পায় সিআইডি। গত বছরের ২০ জুলাই মিরপুর থেকে চক্রের হোতা জসিমসহ পাঁচজন এবং পরবর্তী সময়ে সালামসহ আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাত্র পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ads
ads
ads

Our Facebook Page